১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকার পদত্যাগে বাধ্য হবে: দুলু

“আজ শুধু বাংলাদেশই নয়, আমেরিকা-ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।”

সরকার পদত্যাগে বাধ্য হবে: দুলু

রোববার নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে সভায় বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 06:53 PM

Updated : 15 Oct 2023, 11:43 PM

বিএনপির আন্দোলনের মুখে বর্তমান সরকার পদত্যাগে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, “আমরা আশা করছি, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকারকে আমরা মানাতে বাধ্য করব এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ এ আন্দোলন চলছে এবং চলবে।”

রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, “জনগণ জানে ২০১৪ ও ২০১৮ সালে দেশে কোনো ভোট হয়নি। কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি। এই সরকার জোর করে ১৫ বছর ক্ষমতায় আছে। আজ শুধু বাংলাদেশই নয়, আমেরিকা-ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।”

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা।