Published : 01 Aug 2023, 05:49 PM
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক কাজী ইসমাইল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “হাসপাতালে আনার অনেক আগেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”
নিহতরা হলেন- খুলনা শহরের বয়রা মধ্যপাড়ার মনিরুজ্জামান মনিরের মেয়ে মোবাচ্ছেরা তানজুম হিয়া এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের মাছকাটা গ্রামের তাসপিয়া জাহান রিতু।
তারা দুইজনই ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যে ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লেকে গোসল করতে আসেন। লেক পাড়ে পা পিছলে হিয়া পানিতে পড়ে যান। তিনি সাতাঁর জানতেন না। তাকে বাঁচাতে রিতু পানিতে ঝাঁপ দেন। পরে ওই দুইজনই লেকের পানিতে ডুবে যান।”
তিনি আরও বলেন, “পরে আমি গিয়ে তাদের উদ্ধার করতে ব্যর্থ হই। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ১টার দিকে ওই দুজনকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
হিয়া ও রিতুর সহপাঠীরা অভিযোগ করে বলেন, লেক পাড়ে অব্যবস্থাপনার কারণে তাদের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লেক পাড়ে নিরাপত্তার ব্যবস্থা রাখলে এই ধরনের ঘটনা ঘটত না।
যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা।
হিয়ার মামা কে এম মিটুল বলেন, “আমার ভাগ্নি সাঁতার জানত না। দুপুরে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের লেক পাড়ে তার এক সহপাঠীর সঙ্গে বৃষ্টিতে ভিজছিল। ওই সময় হিয়া পা পিছলে লেকে পড়ে ডুবে যায়। হিয়াকে উদ্ধার করতে তাসপিয়া জাহান রিতু এগিয়ে গেলে সেও লেকে ডুবে যায়।”
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব বলেন, “বিশ্ববিদ্যালয় লেকে শিক্ষার্থীদের গোসল করা নিষেধ। তারপরও দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে ডুবে মারা যায়।
“আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শিক্ষার্থীদের অভিযোগও খতিয়ে দেখা হবে।”
বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত আনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপাচার্য।