রাজবাড়ীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমগীর অসুস্থ হয়ে পড়েন; হাসপাতালে নিলে চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীতে হেফাজতে থাকা এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে রাজবাড়ী আদালত পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানান।
নিহত আলমগীর হোসেন মিজি (৪৫) সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলার আব্দুল মতিনের ছেলে।
পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরের বিরুদ্ধে দুইটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়।
“পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।”
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
