১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে রাতের আঁধারে কাটা হল বাগানের ২০০ গাছ

ভুক্তভোগীর অভিযোগ, তিনি থানায় অভিযোগ করলেও পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।

মাদারীপুরে রাতের আঁধারে কাটা হল বাগানের ২০০ গাছ

মাঠের পাশের এই বাগানেই ছিল দুই শতাধিক গাছ। গত ৬ এপ্রিল রাতে সেগুলো কেটে ফেলা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 11:56 PM

Updated : 25 Apr 2024, 12:00 AM

মাদারীপুরে রাতের আঁধারে একটি বাগানের দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি খেলাধুলায় নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর (তাল্লুক) গ্রামে কৃষক সেলিম ব্যাপারী দুই বছর আগে তার বাড়ির পেছনে নিজের ৪০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ রোপণ করেন।

এই বাগানের পাশেই পরিত্যক্ত খোলা জায়গায় স্থানীয়রা খেলাধুলা করে জানিয়ে সেলিম বলেন, এতে প্রায় সময় বাগানের ভেতরের গাছপালা নষ্ট হয়ে যেত। তাই তিনি স্থানীয় যুবকদের খেলাধুলা করতে নিষেধ করেন।

এর মধ্যে গত ৬ এপ্রিল রাতে একদল দুর্বৃত্ত বাগানের সবগুলো গাছ কেটে ফেলে রাখে।

সেলিম জানান, গ্রামের ‘মুরুব্বিদের’ বিষয়টি জানালেও তারা সালিশে বসতে তালবাহানা করতে শুরু করেন। পরে তিনি সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ জমা দেন।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি এই বিষয়টি নিয়ে খোঁজ খবরও নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

সেলিম ব্যাপারী বলেন, “পুলিশ আমাদের অভিযোগ তেমন গুরুত্বও দিচ্ছে না। অথচ এতগুলো গাছ বিনা কারণে কেটে ফেলল দুর্বৃত্তরা।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা অভিযোগ গুরুত্ব দিচ্ছি না, বিষয়টি এমন নয়। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”