১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলের সংঘর্ষে নিহত ১

দফায় দফায় চলা এ সংঘর্ষের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে জামাল মিয়া ঘটনাস্থলে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 11:54 PM

Updated : 22 Apr 2023, 11:54 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত জামাল মিয়া (৪৭) খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভলাকূট ইউনিয়ন পরিষদের বর্তমান এক ওয়ার্ড সদস্য ও একজন সাবেক সদস্যের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় একটি খাস জমির ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, শনিবার ওই জমি দখলে নিতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। দফায় দফায় সংঘর্ষে এক পক্ষের সমর্থক জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন; তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

মোজাম্মেল হোসেন আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।