১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে শ্রমিক নিহত

বালই সেতুর পাশে রাস্তার ওপর একটি গর্তে চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2024, 04:08 PM

Updated : 27 Mar 2024, 05:35 PM

নেত্রকোণার মদন উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত ইট ভাঙার গাড়ি উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকালে মদন-খালিয়াজুরি সড়কের উচিতপুর বালই সেতুর কাছে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।

নিহত ওয়াসিম মিয়া (৩৫) মদন উপজেলার ফেকনী গ্রামের খাইরুল মিয়ার ছেলে। তিনি কৃষি শ্রমিক বা দিনমজুর হিসেবে কাজ করতেন।

জাহাঙ্গীর জানান, সকালে ইট ভাঙার গাড়ি দিয়ে খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছিলেন ওয়াসিম মিয়া। পথে বালই সেতুর পাশে রাস্তার ওপর একটি গর্তে চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।

“এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ওয়াসিম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”

পরিদর্শক জাহাঙ্গীর আরও বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।