১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগের ব্যানারে পুরুষদের অংশগ্রহণ ‘ভুলবশত’

“শোভাযাত্রায় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানার ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে মহিলা আওয়ামী লীগের ব্যানারটা চলে আসে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 11:01 PM

Updated : 20 Jul 2023, 11:01 PM

খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় `ভুল করে’ মহিলা আওয়ামী লীগের ব্যানার নিয়ে অংশ নিয়েছিলেন দলের পুরুষ নেতা-কর্মীরা।

শোভাযাত্রার একটি ছবি নিয়ে বৃহস্পতিবার দিনভর নানা আলোচনা-সমালোচনার পর এই ভুলের কথা জানিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার।

বুধবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে অংশ নেন তারা। কর্মসূচীর একটি ছবিতে দেখা যায় মহিলা আওয়ামী লীগের ব্যানার ধরে যারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা সবাই পুরুষ।

কিছুক্ষণের মধ্যেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দিনভর ফেইসবুকে নেটিজেনরা সরব ছিলেন ছবিটির সমালোচনায়। ছবি শেয়ার দিয়ে নানা ধরনের মন্তব্যও করেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার বলেন, এটি ভুল করে হয়েছে।

তিনি বলেন, “ছবিটি আমি দেখেছি এবং এটা নিয়ে কথা বলেছি। শোভাযাত্রায় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানার ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে মহিলা আওয়ামী লীগের ব্যানারটা চলে আসে।জেনে-বুঝে কেউ এটা করেনি।”

শোভাযাত্রায় অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীও বলেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে।