ফোন যাচাইয়ের কথা বলে ইমামকে পিটিয়ে আইফোন ‘ছিনতাই’
“তারা আমাকে মারধর করে এবং আইফোনটি কেড়ে নিয়ে চলে যায়।”
নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ‘ছিনতাইয়ের শিকার’ হয়েছেন এক ইমাম।
মঙ্গলবার রাতে আইফোনটি বিক্রি করতে দুই যুবকের সঙ্গে বড়াইগ্রামের নগর বাজারে যান ওই ইমাম। পরে তারা তাকে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলে বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।
ভুক্তভোগী ২০ বছর বয়সী সামিউল ইসলাম বড়াইগ্রামের নগর ইউনিয়নের থানাইখাড়া এলাকার শাহাদত হোসেনের ছেলে। তিনি উপজেলার চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন সামিউল ইসলাম বলেন, তিনি ফেইসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দেন। ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগর বাজারে আসেন। তারা সেখানে আইফোন ১৩ মোবাইলটি দেখে দরদাম করেন। পরে ফোনটির মালিকানা অনলাইনে যাচাই করার কথা বলে তাকে মোটরসাইকেলে তুলে জোনাইল বাজারের দিকে রওনা হন তারা।
তার ভাষ্য, “এক পর্যায়ে কয়েন-জোনাইল আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে দুই যুবক মোটরসাইকেল থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আমারে মারধর করে আইফোনটি ছিনিয়ে নিয়ে চলে যান।
“পরে পথচারীরা আমাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”
