২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বেলুন বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।

গাজীপুরে বেলুন বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 06:25 PM

Updated : 19 Sep 2022, 06:25 PM

গাজীপুরে পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ ও কয়েকজন দগ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার গভীর রাতে গাজীপুর সদর থানার এসআই মোসাব্বির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে মামলায় আসামি করা হয়েছে বলে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

বিশেষ ক্ষমতা আইনের এই মামলার আসামিরা হলেন মো. বাবুল, মানিক ও কিবরিয়া। এজাহারে তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। এখনও কেউ গ্রেপ্তারও হয়নি।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের ৪র্থ বর্ষপূর্তির অনুষ্ঠান মঞ্চের পাশে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন আহত হয়েছেন।  

ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে বিশেষ ক্ষমতা আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, শুক্রবার সন্ধ্যায় বর্ষপূর্তির অনুষ্ঠানমঞ্চের পাশে ছোট উদ্বোধন মঞ্চে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন নেওয়া হয়। কিন্তু বার বার চেষ্টা করলেও বেলুনগুলো উড়ছিল না। পরে কয়েকজন পুলিশ সদস্য সেই বেলুনগুলো মঞ্চের পিছনে নিয়ে যান।

“এক পর্যায়ে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রামন্ত্রীসহ অন্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের মূল মঞ্চে চলে যান।”

নয়ন বলেন, তারা মূল মঞ্চে চলে যাওয়ার কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে কমেডিয়ান আবু হেনা রনি, গাজীপুর পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া ও ইমরান হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিলুর রহমান আহত হন।

দগ্ধ আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুর রহমারে শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

বেলুন বিস্ফোরণ: কৌতুক অভিনেতা রনির শ্বাসনালী পুড়েছে, আশঙ্কাজনক

পুরানো খবর:

গাজীপুরে পুলিশ লাইনসে অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৫