কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যু
আগের রাতের বিরোধকে কেন্দ্র করে সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
কক্সবাজারে টেকনাফ উপজেলায় ‘রাস্তা নির্মাণকে’ কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া ঢিলের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি।
নিহত আব্দুস সালাম ওরফে আব্দু (৬৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, শুক্রবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে স্থানীয় আব্দুস শুক্কুরের পরিবারের বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
“আগের রাতের বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।“
এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
