০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তুরাগে গোসল করতে নেমে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

স্থানীয় পলাশ মণ্ডল বলেন, নীরব তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ইউনুসও নদে ঝাঁপ দেয়। কিন্তু তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 08:47 PM

Updated : 01 Oct 2026, 08:47 PM

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন।

নিহতরা হলো— আবু ইউনুস ও নীরব। তারা টঙ্গীর বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। দুজনই টঙ্গীর একটি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় পলাশ মন্ডল জানান, বুধবার বিকালে তুরাগ নদের রেলওয়ে ব্রিজের নিচে ইউনুস, নীরবসহ কয়েকজন গোসল করতে যায়। একপর্যায়ে নীরব পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ইউনুসও নদে ঝাঁপ দেয়। কিন্তু তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

ডুবুরি দলের লিডার রাসেল মামুন বলেন, তুরাগ নদে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছিল। এক পর্যায়ে ঘটনাস্থলের পাশ থেকে প্রথমে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নীরবের মরদেহ পাওয়া যায়।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।