১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগ, সহকারী চালক-যাত্রী আহত

“এখনও মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”

কিশোরগঞ্জে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগ, সহকারী চালক-যাত্রী আহত

যাত্রীদের হামলায় ক্ষতিগ্রস্ত এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের উইন্ডো গ্লাস ও লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 04:30 PM

Updated : 20 Mar 2023, 04:30 PM

স্টেশনের বাইরে ট্রেন না থামানোয় কিশোরগঞ্জে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ ও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ট্রেনটির সহকারী চালকসহ কয়েক যাত্রী আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদি উপজেলার মানিকখালি স্টেশনে এই হামলার ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এ কে এম আমিনুল হক জানান।

হামলায় সহকারী ট্রেন চালক মো. কাওছার হোসেন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনটির ইঞ্জিনের উইন্ডো গ্লাস ও লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানিকখালি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল হক ভূঁইয়া সোমবার বলেন, মানিকখালি ও সরারচর স্টেশনের মাঝামাঝি মণ্ডলভোগ এলাকায় বারুণির মেলা চলছে। সেখানে যাওয়ার জন্য আশপাশের স্টেশন থেকে কয়েকশ যাত্রী উঠেন। কিন্তু স্টেশনের বাইরে ট্রেন থামানোর কোনো নিয়ম নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশও ছিল না।

“কিন্তু যাত্রীরা মণ্ডলভোগ এলাকায় ট্রেন থামানোর জন্য চালক ও সহকারী চালককে চাপ দেয়। তারা ট্রেন না থামিয়ে মালিকখালি স্টেশনে নিয়ে আসেন। স্টেশনে আসার পর উত্তেজিত যাত্রীরা সেখানে হামলা চালায় ও পাথর নিক্ষেপ করে। এতে চালকের কক্ষ, কয়েকটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। গার্ডের রুমেও হামলা হয়েছে। সহকারী চালক ও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।”

এ ব্যাপারে কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, এখনও কোনো মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই হামলাকারীরা চলে যায়। কাউকে আটক করা যায়নি। হামলায় কতজন আহত হয়েছে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে চেষ্টা করেও ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার (এএলএম) মো. কাওছার হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে হামলার বিষয়টি জানিয়েছেন। (যদিও সেটি যাচাই করা যায়নি।)

তিনি লিখেছেন, “কেন মেলা স্থানে দাঁড়াইলাম না, সেজন্য মানিকখালী স্টেশনে বৃষ্টির মতো পাথর মেরেছে একদল…, এলএম মো. মহসিন আলী ভাইয়ের কিছু হয়নি, কিন্তু আমার হাত কেটে গেছে।“

এ ব্যাপারে কথা বলার জন্য কিশোরগঞ্জের স্টেশন মাস্টার ইউসুফ হোসেনকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।