২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাবা-মায়ের পাশে শায়িত হবেন সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য ৮১ বছর বয়সে রোববার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাবা-মায়ের পাশে শায়িত হবেন সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান

অধ্যক্ষ মতিউর রহমানের জানাজা সোমবার ময়মনসিংহ নগরীর অঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 12:21 AM

Updated : 29 Aug 2023, 09:16 AM

সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের দাফন তার বাবা-মায়ের পাশে করা হবে।

দেশের বাহিরে থাকা সন্তানরা ফেরার পর মঙ্গলবার বিকালে নগরীর পাশে আকুয়া মোড়লবাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবে।

এর আগে সোমবার প্রথম জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য ৮১ বছর বয়সে রোববার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার সকালে মতিউর রহমানকে প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই হাজারো নেতাকর্মী, অনুসারী ও নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শেষবারের মত দেখতে ভিড় জমায়। এখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা।

পরে সাবেক ধর্মমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর শিববাড়ী রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে দলের জেলা ও মহানগর কমিটির নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান। 

এরপর মতিউর রহমানের মরদেহ নেওয়া হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। সেখানে একাত্তরের এই মুক্তিসেনানীকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। ঈদগাহ ময়দান কানায়-কানায় পূর্ণ হয়ে চারদিকে রাস্তায়ও লোকজনকে দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে দেখা যায়। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লোকজন তার জানাজায় শরিক হন।

জানাজা-পূর্ব বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শফিউল আলম নাদেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

এদিন অধ্যক্ষ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন- জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাঁ, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক সভাপতি জহিরুল হক খোকা, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি এমদাদুল হক মিল্লাত, জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।