বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
উদ্ধার করা অস্ত্রের মধ্যে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোরের বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
সোমবার সকালে বেনাপোলের সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।
বিজিবির এ কর্মকর্তা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। যশোর ব্যাটালিয়নের অধীনে থাকা বেনাপোল বিওপির বিশেষ টহলদল গাতিপাড়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির গেইট সংলগ্ন রাস্তার পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
“উদ্ধার করা অস্ত্রের মধ্যে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি রয়েছে।”
জব্দ করা অস্ত্রের বাজারমূল্য দুই লাখ দশ হাজার চারশ টাকা এবং অস্ত্র আইনে মামলা দিয়ে সেগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান।
তিনি বলছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
“এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছে।”
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা সাইফুল্লাহ সিদ্দিকী জানান।
