শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু
পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি জানান।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান।
নিহতরা হল- ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।
স্বজনরা জানান, বৃষ্টির পানিতে বাড়ির পাশের ডোবা ভরে ছিল। শিশু দুটি সেখানে কলা গাছের ভেলা বানিয়ে খেলা করছিল। হঠাৎ করে তারা ভেলা থেকে পানিতে পড়ে যায়।
খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে ডোবার পানির নিচ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক জানান। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি নুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
