Published : 31 May 2026, 07:50 PM
নেত্রকোণা সদর উপজেলায় বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মা ও দুই মেয়ের পর ইজিবাইকের চালকও নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় দুর্ঘটনার পর ইজিবাইকের চালক রায়হান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে রায়হান মিয়া মারা যান বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আমিনুল ইসলাম জানান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান মিয়ার সঙ্গে থাকা স্বজন বাদশা মিয়া বলেন, তার মরদেহ মর্গে নেওয়া হয়েছে।
রায়হান সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত আরও দুজন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, নিহত বাকি তিনজন হলেন- সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ছোট মেয়ে ইতি আক্তার (১০)।
পুলিশ জানায়, শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। চল্লিশা বাইপাস এলাকায় একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইক বিপরীত দিক থেকে নেত্রকোণার দিকে আসছিল। সেখানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ইজিবাইকটি বাসের নিচে যায়। অপরদিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে চলে যায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মা ও দুই মেয়েকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আল মামুন সরকার।