Published : 02 Jun 2026, 05:14 PM
নওগাঁ শহরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা সেতু মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।
নিহত নওসাদ আলী (২৫) নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ‘শাহ সুলতান’ নামের একটি এসি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে তুলশীগঙ্গা সেতু মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির ধাক্কা লাগে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নওসাদ আলীর মৃত্যু হয়। আহত দুই শিশুকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে মহাসড়কের দুপাশে যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে গেলেও সেটি জব্দ করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানিয়েছে পুলিশ।