Published : 03 Jul 2026, 04:54 PM
পিরোজপুর সদরের একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
শুক্রবার ভোরে উপজেলায় টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
আটকরা হলেন- সদর উপজেলার কদমতলা বাজার এলাকার মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ এবং তেতুলতলা এলাকার আলী হোসেন (৪০)।
দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ভোরে পুলিশের একটি দল বিশেষ অভিযানে নামে। অভিযানের শুরুতে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসান ও আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
“জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়”, বলেন তিনি।
আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।