মায়ের গায়ে হাত, গ্রাম সালিশে পিটুনির পর যুবকের মৃত্যু
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “ছেলে মাদকাসক্ত; নেশার টাকার জন্য মাকে মেরেছে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মায়ের গায়ে হাত তোলায় গ্রাম সালিশে পিটুনির পর এক যুবকের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি মতিউর রহমান বৃহস্পতিবার বিকালে বলেন, বুধবার রাতে উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার বগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বাবু আলী (২৬) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রামচন্দ্রপুর এলাকার সমাজসেবী আব্দুল ওহাব বলেন, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য পরিবারের লোকজনদের সঙ্গে প্রায় কলহ করে। বুধবার সকালে নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু তার মাকে মারধর করে।
তখন বাবুর মা এলাকাবাসীর কাছে ছেলের নামে বিচার দেন। বিকালবেলা বাবু বাড়ি ফিরলে তার বাবা এলাকাবাসীকে নিয়ে তাকে শাসন করার সময় পিটুনি দেয়। রাত সাড়ে ৮টার দিকে বাবু মারা যান।
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “ছেলে মাদকাসক্ত; নেশার টাকার জন্য মাকে মেরেছে। এলাকাবাসীর সহায়তায় ছেলেকে শাসন করার সময়ে মারধরের ঘটনায় মারা গেছেন বাবু।”
মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
