১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে দোকানের শাটার ভেঙে ১৫০ বস্তা চাল চুরি

“যেখানে দিনের আলোর মত বাতি জ্বলছিল, সেখানে চুরির ঘটনা মানে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

নাটোরের সদর উপজেলায় মহাসড়কের পাশে একটি দোকানের শাটার ভেঙে দেড়শ বস্তা চাল চুরি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীররাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান।

এ সময় নগদ ১২ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানান তিনি।

ব্যবসায়ী সেলিম ভূঁইয়া বলেন, “ফজরের নামাজের পরে আমার এক পরিচতি বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে যে, তোমার দোকানের শাটার ভাঙা।

“পরে সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাত আড়াইটার দিকে ৬ থেকে ৭ জনের একটি দল দোকানের সামনে ট্রাক ভিড়িয়ে দোকানের শাটার ভেঙে ১৫০ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। বস্তাগুলোতে ২৫ কেজির মিনিকেট চাল ছিল এবং প্রতি বস্তার দাম ১৮’শ টাকা।”

চোরেরা প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার চাল নগদ ও নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি এ ব্যবসায়ীর।  

ফুলবাগান এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, “নাটোরে চুরি-ডাকাতির ঘটনা থামছেই না। মহাসড়কের পাশে যেখানে দিনের আলোর মত বাতি জ্বলছিল, সেখানে ট্রাক ভিড়িয়ে চুরির ঘটনা মানে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি।”

মোহসিন আলি নামের আরেক বাসিন্দা বলেন, “পাশেই জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা শীর্ষ কর্মকর্তাদের বাসভবন। এসব জায়গায় যদি এভাবে চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?।”

তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা প্রতিশ্রুতি দিয়েছেন ওসি মাহাবুর রহমান।

তিনি বলেন, “পুলিশের একধিক দল চোরদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। “