কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বাড়ির পেছনে পুকুর পাড়ে রোজা মনি এবং ইয়াছিন খেলতে যায়।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. এনামুল হক জানান।
নিহতরা হল- ওই গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে তিন বছর বয়সি শিশু কাজী ইয়াছিন আরাফাত এবং একই এলাকার মিদন মিয়ার তিন বছর বয়সি কন্যা রোজা মনি। তারা দুজনই সম্পর্কে চাচা-ভাতিজি।
নিহত ইয়াছিনের বাবা কাজী তানভীর মিয়া বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমার চাচাতো বোন রোজা মনি এবং আমার ছেলে ইয়াছিন দুজন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দুইজনকে কোথাও না পেয়ে চারদিকে খুঁজতে থাকি।
“এক পর্যায় পুকুর পানিতে তাদের ভাসতে দেখি। উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”
চিকিৎসক এনামুল বলেন, “ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাদের মৃত্যু ঘোষণা করা হয়। পরে অভিভাবকরা শিশুদের লাশ নিয়ে গেছেন।”
