চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কিশোরসহ ২ জনের মৃত্যু
বাগানে আম প্যাকেজিং করার সময় কিশোর এবং অপরজন বাড়ির উঠানে বজ্রপাতে আহত হন বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার বিকালে সদর উপজেলার ইসলামপুর ও পৌর এলাকায় এসব ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন জানিয়েছেন।
ওসি বলেন, বেলা ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ (১৬) আম বাগানে আম প্যাকেজিং করার সময় বজ্রপাতে আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান একরামুল হোসাইন।
একই সময় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা কলোনি এলাকায় বাড়ির উঠানে হঠাৎ বজ্রপাতের শিকার হন মো. মঙ্গল হোসেনের ছেলে মো. মুনিরুল ইসলাম (৪০)।
স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
