১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা: চাঁদপুরে ১৯৫ কেজি ইলিশ জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 11:30 AM

Updated : 10 Sep 2026, 12:20 PM

নিষেধাজ্ঞার প্রথম দিন চাঁদপুরে বাজারে ইলিশ বিক্রির সময় তিন মাছ বিক্রেতাকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ১৯৫ কেজি ইলিশ মাছ।  

রোববার রাত ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া এ সময় তার সঙ্গে ছিলেন ।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার রাত ১২টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

সহকারী কমিশনার রিফাত জাহান বলেন, “নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা এবং ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।”

পরে জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।