০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শাহ শরিফ জিন্দানির মাজারের দানবাক্সে মিলল ১০ লাখের বেশি টাকা

নিয়ম অনুযায়ী তিন মাস পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ মাজারের দানবাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 05:34 PM

Updated : 06 Oct 2026, 05:34 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা।

সোমবার দুপুরে উপজেলার হাড্ডিয়াল নওগাঁয় অবস্থিত এ মাজারের দানবাক্স খোলার পর রাত ৯টার দিকে গণনা শেষ হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গণনা শেষে নিরাপত্তার স্বার্থে পুরো টাকা রাতে তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও নুসরাত জাহান বলেন, তিন মাস পর নিয়ম অনুযায়ী দানবাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়েছে। এতে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। টাকাগুলো নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ মাজারের উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য অনুদানও দেওয়া হয়ে থাকে।

মানুষের দানের অর্থ যাতে স্বচ্ছতা ও নিয়মের মধ্যে ব্যবহার করা হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।