১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নৌকা থেকে পড়ে বিলে ডুবে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় হরি বিলে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণের এক পর্যায়ে লাবিব পড়ে যায় বলে জানান স্বজনরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 03:48 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নৌকা ভ্রমণে বেরিয়ে বিলে ডুবে নিখোঁজের পরদিন এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকালে উপজেলার হরি বিল থেকে মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান। 

নিহত লাবিব খান (১২) ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার শাহিন খানের ছেলে। সে চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার ৭ শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, বুধবার দুপুরে লাবিব মাদ্রাসায় ক্লাস শেষে বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে হরি বিলে নৌকা ভ্রমণে যায়। এক পর্যায়ে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাইনি।

এদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আবার বিলে তল্লাশি চালিয়ে লাবিবের মৃতদেহ উদ্ধার করে।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান।