Published : 17 Jun 2026, 06:32 PM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী দুই সহোদরের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।
বুধবার দুপুরে উপজেলার বানেশ্বর এলাকায় ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া গ্রামের রিয়াজ প্রামাণিকের ছেলে আব্দুল খালেক প্রামাণিক (৬৫) এবং হাচেন প্রামাণিক (৬০)।
আহতরা হলেন- একই এলাকার হাতেমের ছেলে লালন এবং জালালের ছেলে লাল্টু। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার জন্য চারজন ইজিবাইকে করে রাজশাহী শহরে যাচ্ছিলেন। পথে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ওসি মাহাবুর রহমান জানান, গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার পর পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।