১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে পাসের হার কমেছে ১৩.৯৯%, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন

এই বোর্ডে এসএসসিতে চলতি বছর পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 04:17 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ; যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।

সোমবার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফল থেকে জানা গেছে, এ বছর এক লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিলেন দুই হাজার ৯০৮ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় এক লাখ ১২ হাজার শিক্ষার্থী।

ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এ বছর রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছাত্রী আট হাজার ৯৯১ জন এবং ছাত্র সাত হাজার ১২২ জন।

এর আগে ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। ফলে সাত বছরের তুলনায় এবারই সবচেয়ে কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অথচ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯টি। 

২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, “বর্তমান সরকার কোয়ানটিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আশা করছি সামনে বোর্ডের ফল আরও ভাল হবে।”