০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

শহীদ হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের পদযাত্রা শুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 05:36 PM

Updated : 07 Oct 2026, 05:36 PM

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাবান্ধা থেকে টেকনাফ পর্যন্ত এ পদযাত্রা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করা হবে।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদী হত্যার ১০ মাস পার হলেও যুক্তদের বিষয়ে সরকারের স্পষ্ট বার্তা নেই। ডিসেম্বরের মধ্যে ভারত থেকে তাদের ফিরিয়ে এনে বিচারে সোপর্দ করতে হবে।

হাদী হত্যার প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের ভারত, আওয়ামী লীগ ও ‘র’-এর সম্পৃক্ততার অভিযোগ তুলে বলেন, ঘটনাটিকে সাধারণ একটি হত্যা হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ও জড়িত। তাই তদন্ত ও বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ঘোষিত তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রথম দিনে ২১ কিলোমিটার পথ হেঁটে তেঁতুলিয়া পৌঁছানোর কথা রয়েছে প্রতিনিধি দলটির। পথে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ ও মতবিনিময় করছেন তারা।