‘অবৈধ সম্পদ’: পিরোজপুরের সাবেক সাব-রেজিস্ট্রার ও স্ত্রীর বিরুদ্ধে মামলা
সাবেক সাব-রেজিস্ট্রারের স্ত্রীর নামে বৈধ আয়ের চেয়ে দুই কোটি ৪৫ লাখ টাকা বেশি সম্পদ পাওয়ার দাবি করেছে দুদক।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পিরোজপুরের সাবেক সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয় মামলাটি করেন।
দুদক জানিয়েছে, ২০২৪ সালের ২২ এপ্রিল নাছরিন আক্তার দুদকে সরবরাহ করা তার সম্পদ বিবরণীতে ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেন।
অনুসন্ধানে জানা গেছে, তার নামে দুই কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে; যা তার বৈধ আয়ের চেয়ে দুই কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি।
অভিযোগে বলা হয়েছে, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকা অবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এ ছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়েরও অভিযোগ রয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন। তার নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরির সময়কালে তার ও স্ত্রীর নামে বিপুল সম্পদ অর্জিত হয়। নাছরিনও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি।
পরে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের পর্যাপ্ত প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন।
