১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এখলাস উদ্দিন জানান।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 08:54 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশু নিহত হয়েছে। 

রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার তিস্তাপাড়ের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এখলাস উদ্দিন জানান।

নিহতরা হল- একই গ্রামের রবিউল ইসলামের চার বছরের মেয়ে রুকাইয়া এবং আউয়ার হোসেনের পাঁচ বছরের মেয়ে আশরিফা। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

স্বজনরা বলেন, খেলাধুলার পর শিশু দুটি পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।