১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩০

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 04:05 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ডাহিয়ার পারিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা বলছে, পারিল গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠান।

দুই পক্ষের মধ্যে সিরাজুলের পক্ষের আহতরা হলেন- সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন।

অন্যদিকে কালামের পক্ষের আহতরা হলেন, হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ১৫ জন।

ওসি রফিকুল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”