Published : 01 Sep 2026, 01:44 PM
রাজশাহী প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ফের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম।
এর আগে সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে গেলে রাজশাহীর সঙ্গে সব রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বলেন, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়।
ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
জিয়াউল ইসলাম বলেন, “বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আড়াই থেকে তিনটা বাজতে পারে বলে জানিয়েছেন এ রেল কর্মকর্তা।
আগের সংবাদ
রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ দেড় ঘণ্টা বন্ধ