Published : 21 Aug 2025, 05:25 PM
পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে ভাঙনের ফলে ফেরিঘাটের র্যাম্প পানিতে ডুবে গেলে ঘাটটি দিয়ে ফেরি পারপার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান।

এদিকে মেরামতের কাজ চলায় দুপুর দেড়টা পর্যন্ত ৩ নম্বর ঘাটও বন্ধ ছিল। ফলে দুপুর পর্যন্ত ফেরি চলাচলে চরম বিঘ্ন ঘটে। বর্তমানে পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে দুটি দিয়ে ফেরি পারাপার হচ্ছে।
ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের ফেরি যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো ঘাটে সমস্যার সৃষ্টি হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে।

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, “মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা আমাদের গালমন্দ করে। একেক দিন একেক ঘাট বন্ধ হয়; কোনো স্থায়ী সমাধান নেই।”
ডিজিএম আব্দুস সালাম বলেন, নদীর তীব্র স্রোত ও ভাঙন পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে।