১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে জঙ্গল থেকে উদ্ধার সেই সাকিব বৃদ্ধাশ্রমে

সন্তানরা ফেলে গেলেও আল্লাহ আমাকে সাহায্য করার জন্য মানুষ পাঠিয়েছেন, বলেন ওই বৃদ্ধ।

গাজীপুরে জঙ্গল থেকে উদ্ধার সেই সাকিব বৃদ্ধাশ্রমে
সাকিব আলী সরদার (বাঁ থেকে দ্বিতীয়)

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 05:18 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

সন্তানেরা অসুস্থ অবস্থায় জঙ্গলে ফেলে যাওয়ার তিনদিন পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ২০ দিন চিকিৎসার পর তার ঠাঁই হয় গাজীপুর সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। 

মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম তাকে থানার গাড়ি দিয়ে গাজীপুর সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। 

সেখানে কর্তৃপক্ষের কাছে বৃদ্ধকে বুঝিয়ে দিয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

৬৫ বছর বয়সি বৃদ্ধ সাকিব আলী সরদার শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। 

তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন তিনি।

গত ৪ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি বৃদ্ধাশ্রমে বৃদ্ধকে নেওয়ার চেষ্টা করেন তার সন্তানরা। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে রাখতে অপারগতা প্রকাশ করে। পরে সন্তানরা তাকে জঙ্গলে ফেলে চলে যান। অসহায় অবস্থায় তিনদিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম গিয়ে বৃদ্ধকে উদ্ধার করেন। 

এসময় সাকিব অত্যন্ত নোংরা অবস্থায় ছিলেন। তার পায়ে মল-মূত্র লেগে ছিল ও প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল।

স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে টানা ২০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে এতদিনেও তার কোনো সন্তান খোঁজ নিতে আসেননি বলে হাসপাতাল থেকে জানানো হয়।

বৃদ্ধের শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। 

ওসি হালিম বলেন, “অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি চেষ্টা করব, তিনি যেন বাকি জীবন শান্তিতে কাটাতে পারেন।”

এ ঘটনায় স্থানীয়রা ওসির প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সমাজে-মানবিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করবে।

পুনর্বাসন কেন্দ্রে স্থান পাওয়ার পর সাকিব আলী সরদার বলেন, “সন্তানরা আমাকে ফেলে গেলেও আল্লাহ আমাকে সাহায্য করার জন্য মানুষ পাঠিয়েছেন। আমি শুকরিয়া জানাই।”

আরও পড়ুন:

অসুস্থ বাবাকে গজারি বনে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ