২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তামাবিলে গণকবর ও বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

তামাবিল ইমিগ্রেশনে হাই কমিশনারকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তামাবিলে গণকবর ও বধ্যভূমি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দর, শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর ও তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 10:09 PM

Updated : 14 Dec 2022, 10:47 PM

সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দর, শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর ও তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

বুধবার দুপুরে তিনি গোয়াইনঘাট যান; সেখান থেকে ফিরে বিকালে সিলেট নগরীর ধোপাদিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

ভারতীয় হাই কমিশনার তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তিনি ভারতের পোর্ট এবং অভিভাসন কেন্দ্রও পরিদর্শন করেন।

তামাবিল বধ্যভূমি এবং স্থলবন্দর পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকরা তাদের সঙ্গে ছিলেন।

Image

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ফুল দিয়ে স্বাগত জানান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।

এ বধ্যভূমি পরিদর্শনের সময় দুই দেশের সীমান্তের খুব নিকটবর্তী শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরটি সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজের জটিলতার বিষয়টি গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান ভারতীয় হাই কমিশনারের কাছে তুলে ধরেন।

পরে হাই কমিশনার দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সেকেন্ড সেক্রেটারি রাম প্রকাশ, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, থানার ওসি কে এম নজরুল ইসলামসহ কাস্টমস, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Image

গোয়াইনঘাট থেকে ফিরে বিকালে হাই কমিশনার প্রণয় ভার্মা সিলেট নগরীর ধোপাদিঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এদিকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে ধোপাদিঘী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাই কমিশনারকে প্রকল্প এলাকা ঘুরে দেখান।

Image

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বধ্যভূমি দেখাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ও ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিসিক্ত হয়েছেন।