০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

অসুস্থ দাদিকে দেখতে গিয়ে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 12:31 PM

Updated : 01 Oct 2026, 12:54 PM

অসুস্থ দাদিকে দেখতে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে গিয়েছিল ১৩ বছর বয়সী এক কিশোরী। এরপর দাদার বাড়ির পাশে হাঁটতে বের হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি জে ও এম তৌফিক আজম জানিয়েছেন।

মৃত ১৩ বছর বয়সী আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

আনিসার ফুপু পারভীন আক্তার বলেন, “আনিসা অসুস্থ দাদিকে দেখতে তার মায়ের সঙ্গে দুদিন আগে কক্সবাজার থেকে সট্টি গ্রামে আসে। সকালে আনিসা ছোট ভাইয়ের সঙ্গে হেঁটে সট্টি নতুন ব্রিজ কুমপাড় যায়।

“সেখানে সে পানিতে ডুবে যায়। পরে ছোট শিশুটি বাড়িতে এসে আনিসার পানিতে ডুবে যাওয়ার কথা জানায়।”

আনিসার চাচা মো. জাহিদুর রহমান জাহিদ বলেন, তিনি কাজে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, কিশোরী আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি তৌফিক আজম জানান।