০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৭ মাসের শিশুর মৃত্যু

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা ৪২ জনে দাঁড়াল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 04:26 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা ৪২ জনে দাঁড়াল। 

সবশেষ মারা যাওয়া শিশু হাফিজুর রহমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রমজান মিয়ার ছেলে। 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ রোগী চিকিৎসাধীন। 

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৯ জন আর ওসমানী হাসপাতালে ৭৯ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম শনাক্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।