গাইবান্ধায় পিকআপের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক খাদে, নিহত ২
পুলিশ বলছে, গাইবান্ধা-ধর্মপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খোলাহাটি ইউনিয়নের গাইবান্ধা-ধর্মপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমানের ছেলে ইজিবাইকের যাত্রী আব্দুর রাজ্জাক ওরফে রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশার ওরফে পাতা মিয়ার ছেলে ইজিবাইকের চালক ফরিদ মিয়া (৪৮)।
আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সামিউল ইসলাম (৫২), তার স্ত্রী ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বেগম (৪৫), স্কুল শিক্ষক নাজমুন নাহার লাকি (৪০) এবং একই উপজেলার শোভাগঞ্জ এলাকার শাপলা আখতার (৪০)। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ইজিবাইকটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। অপরদিকে মুরগি বোঝাই পিকআপটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষের পর ইজিবাইকটি ছিটকে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। আর পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক ওরফে রোস্তম মারা যান। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরেই চালক ফরিদ মিয়াও মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
