Published : 29 Apr 2026, 11:59 AM
জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক ও এক শ্রমিকের প্রাণ গেছে।
বুধবার সকাল ৬টার দিকে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকায় এবং 0সাপধরী এলাকায় বুধবার ভোর ৫টার দিকে এসব দুর্ঘটনা ঘটে বলে ইসলামপুর থানার ওসি আবদুল কাইয়ুম গাজী জানিয়েছেন।
নিহতরা হলেন-টোংরাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে ৩৫ বছর বয়সী শামীম মিয়া ও সাপধরী এলাকায় শ্রমিক সাগর ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ভোর ৫টার দিকে শামীম মিয়া জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ সময় আশেপাশে থাকা অন্যান্য জেলেরা নদী থেকে শামীমের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল বলেন, “সকালে রাস্তায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে সাগর ঘটনাস্থলেই নিহত হয়।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি আবদুল কাইয়ুম গাজী জানিয়েছেন।