Published : 05 Jun 2026, 12:11 AM
ময়মনসিংহে আলাদা স্থানে বজ্রপাতে দুইজন, সাপের ছোবলে এক নারী ও পানিতে ডুবে দুইজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুক্তাগাছা, গফরগাঁও, ফুলপুর, ভালুকা ও গৌরীপুর উপজেলা থেকে তাদের লাশ উদ্ধারের কথা জানিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড়ে পরিবার নিয়ে বসবাস করতেন শিক্ষক খালেকুল আজাদ। বেলা সোয়া ১টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরে ছিলেন তিনি। সড়কে হাটাহাটি করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন রুকন উদ্দিনের ছেলে সিয়াম। এ সময় হঠাৎ বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
গফরগাঁওয়ের চর আলগী ইউনিয়ন থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের কথা বলেছেন এসআই ফরিদ উদ্দিন। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ফুলপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, বুধবার বিকালে দুই শিশু বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে। একজন গোসল করে উঠে আসলেও মরিয়ম (৬) পানিতে তলিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে তার লাশ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। নিহত মরিয়ম সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা মাইজপাড়া গ্রাম হারেজ আলীর মেয়ে।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, উপজেলার কাচিনা এলাকায় ভাসমান এক নারী বসবাস করতেন। বুধবার রাত থেকে ভোরে কোনো এক সময় সাপের ছোবলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
সকালে খবর পেয়ে কাচিনা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানতে ফিঙ্গার প্রিন্ট নেয় পিবিআই। তবে ফিঙ্গার প্রিন্টেও তার পরিচয় মেলেনি। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জাহেদুল।
গৌরীপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালে উপজেলার ভাংনামারি ইউনিয়নের তিন বন্ধু বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নামেন। এ সময় মোকরামিন নামের একজন পানিতে তলিয়ে যায়।
অপর দুই বন্ধু তীরে এসে ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এদিন সকালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
নিহত মোকরামিন (২৪) একই এলাকার আবুল হোসেনের ছেলে।