২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী

উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল উদ্ধার কাজ শুরু করলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তানহার খোঁজ মেলেনি।

বরিশালে নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী

বাবার সঙ্গে তোলা নিখোঁজ তানহার পুরনো ছবি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 07:31 PM

Updated : 29 Aug 2023, 07:31 PM

বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুলের এক ছাত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে নদীতে পা পিছলে পড়ে গিয়ে সে নিখোঁজ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিমউল্ল্যাহ।

নিখোঁজ ছাত্রীর নাম নিশাত তাসনিম তানহা (১৬)। সে উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

টিম লিডার কলিমউল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের বাড়ি ভবানীপুরে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। বেলা ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশে সন্ধ্যা নদীর শাখা নদী কচার ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত তানহার খোঁজ মেলেনি।