১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোলায় নকলের দাবিতে ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা হামলা-ভাঙচুর করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 11:28 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না পেয়ে একটি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, “কেন্দ্রে নকলের দাবিতে ভোলার একটি কলেজে ঐতিহাসিকভাবে ‘মব’ হয়েছে। অধ্যক্ষের কক্ষ ভাঙচুর, কলেজে হামলা করে ‘মব’ সৃষ্টির ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

“সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার বিকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে নকল করার সুযোগ না পেয়ে পরীক্ষা শেষে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজকেন্দ্রে দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেইটে জড়ো হয়ে ‘ভুয়া-ভুয়া’স্লোগান দিয়ে কলেজে ডিম ছুড়তে থাকেন।

পরে তারা কলেজের পশ্চিম পাশের দুটি গেইট ভেঙে ভেতরে ঢুকে অধ্যক্ষের কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। 

শিক্ষামন্ত্রী বিষয়টির প্রসঙ্গ এনে বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই নকল বা পরীক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার মত কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যারা ‘মব’ সৃষ্টি করে নকলের চেষ্টা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করতেন। তবে বর্তমান সরকার উচ্চশিক্ষা শেষে তাদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।