১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে তিস্তার বাঁধে ভাঙন, আতঙ্ক

নদীর স্রোত ঘুরে বাঁধে চাপ বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে পাউবো।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 07:49 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধে ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

শুক্রবার সকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেন্ডাবাড়ি এলাকায় এ ভাঙন দেখা দেয় বলে জানিয়েছেন পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

তিনি বলেন, দুদিন ধরে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ছিল। শুক্রবার পানি কমতে শুরু করলে নদীর স্রোত ডানতীর বাঁধে আঘাত করতে থাকে। এতে ভেন্ডাবাড়ি এলাকায় ভাঙন শুরু হয়।

পাউবো জানায়, তিস্তা ব্যারেজ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত ডানতীর বাঁধের দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। নদীর স্রোত পরিবর্তনের কারণে বাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিতে রয়েছে।

পাউবোর পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ মিটার।

ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “হঠাৎ করে তিস্তা নদী ডানদিকে সরে এসে প্রধান বাঁধে আঘাত শুরু করে। এরই মধ্যে ১ নম্বর স্পার বাঁধসহ কয়েকটি স্থানে ধসে দেখা দিয়েছে।”

তিনি বলেন, ভাঙন ঠেকাতে পাউবোর কর্মকর্তারা কাজ করছেন এবং জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে।

স্থানীয় কৃষক শরিফুল আলী বলেন, “নদীর স্রোতের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙন বাড়লে এলাকার মানুষ ও কৃষি জমি ক্ষতির মুখে পড়বে।”