Published : 08 Jul 2026, 06:53 PM
নরসিংদীর রায়পুরায় টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশুর প্রাণ গেছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান।
নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম বলেন, “মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”
তিনি জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন হবে।
ওসি মজিবুর রহমান বলছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।