সাবেক স্ত্রীর ছবি বিকৃত করে পর্নগ্রাফি-চাঁদা দাবি, যুবক কারাগারে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ওই যুবককে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এআই প্রযুক্তির মাধ্যমে সাবেক স্ত্রীর ছবি বিকৃত করে পর্নগ্রাফি তৈরি ও চাঁদা দাবির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার এসআই মো. সেলিম শিকদার বলেন, ২৭ বছর ওই যুবককে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বুধবার মৌলভীবাজার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২১ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে ওই যুবকের বিয়ে হয়। পরবর্তী সময়ে পারিবারিক মনোমালিন্যের কারণে ২০২৪ সালের মে মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২৫ সালের ১ নভেম্বর ওই নারী পুনর্বিবাহ করেন।
অভিযোগে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে ওই যুবক এআই প্রযুক্তির মাধ্যমে ওই নারীর ছবি বিকৃত করে পর্নগ্রাফি তৈরি করেন। এরপর ছবিগুলো দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে কয়েকটি ভুয়া আইডির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মধুপুর থানায় মামলা হয়।
এসআই মো. সেলিম শিকদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
