১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর নিখোঁজের চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 07:15 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় নয় বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) বদিউল আলম সুজন।

দণ্ড পাওয়া বিল্লাল হোসেন (৩৭) উপজেলার পূর্ণমতি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি বদিউল আলম সুজন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার একটি গ্রাম থেকে নয় বছর বয়সি শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বিল্লাল হোসেনসহ অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করা হয়।

তিনি বলেন, নিখোঁজের আগে প্রতিবেশীরা শিশুটিতে বিল্লাল হোসেনের সঙ্গে এক দোকানে নাস্তা করতে দেখেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া শিশুটি বাড়ি থেকে বের হওয়ার আগে তার মাকে বিল্লালের সঙ্গে বাজারে যাওয়ার কথা বলে।

পিপি বলেন, এ ঘটনায় প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরবর্তীতে হত্যা মামলায় তদন্ত শুরু করা হয়। তদন্তে শিশুটিকে ধর্ষণেরও প্রমাণ পায় পুলিশ।

১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন।