বাগেরহাটে বিকাশকর্মীর টাকা ছিনিয়ে নিল মোটরসাইকেলে আসা ছয়জন
ঘটনার পর পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
বাগেরহাট সদরে তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশকর্মীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মো. শামসুল আরেফিন।
ছিনতাইয়ের শিকার সানি জাবির বাঁধন বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের সেলস কর্মকর্তা।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, সকালে অফিস থেকে তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে কচুয়া উপজেলার গজালিয়ার দিকে যাচ্ছিলেন বাঁধন। পথে কয়েকটি দোকানে টাকা লেনদেন করেন তিনি।
তিনি বলেন, দুপুরে হেরেমের মোড় এলাকায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে বাঁধনকে জিম্মি করে। তারা বাঁধনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওসি শামসুল আরেফিন বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা নেওয়া হবে।
