১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় হত্যা: পুলিশ

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার সময় চিৎকার করায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ।

তিনি বলেন, মঙ্গলবার রাতে একজন এবং বুধবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ও পিবিআইর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাদশা (২৯), একই এলাকার প্রয়াত আহসান মিয়ার ছেলে ইসমাঈল (৪০) এবং জামাল মিয়ার ছেলে ইমন (২৫)।

তাদের মধ্যে ফয়সাল এদিন দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান ওসি আশরাফ।

আসামির জবানবন্দির বরাতে তিনি বলেন, “ঘটনার দিন বাড়ির সামনের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি তখন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।”

“গ্রেপ্তার তিনজনই মাদকাসক্ত, তারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

ফয়সালকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়ালে সকালে তার বাড়িতে নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালান বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার বিকাল ৪টার দিকে বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় ১৩ বছরের এক শিশু। পরদিন সকালে প্রতিবেশীর বাসার সামনে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে অপহরণের পর হত্যার অভিযোগে শিশুটির মা বন্দর থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাড়ির পেছনে মিলল নিখোঁজ শিশুর লাশ

ভাত নিয়ে অপেক্ষায় ছিলেন মাএল মেয়ের লাশ