নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
গ্রামের পুকুর পাড়ে খেলাধুলার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারণা স্বজনদের।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ণকলস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. আব্দুস সালাম।
নিহত মো. আরাফাত (১১) ওই গ্রামের মো. মিন্টুর ছেলে এবং নূর মোহাম্মদ (১০) একই এলাকার রাজু আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরের দিকে গ্রামের পুকুর পাড়ে খেলছিল আরাফাত ও নূর। দুপুরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুরে পড়েছে বলে ধারণা করেন পরিবারের সদস্যরা।
পরে স্থানীয়দের সহযোগীয় পুকুরে তল্লাশির এক পর্যায়ে দুই শিশুর লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয় বলে জানান ওসি আব্দুস সালাম।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
