Published : 14 Jun 2026, 07:56 PM
গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়েছে।
এতে একটি বালুবাহী ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৮টার দিকে বালুবাহী ট্রাকটি সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শী পাঁচুরিয়া এলাকার বাসিন্দা সাকিব হোসেন, আদনান জামান ও ইবনে বনি আহমেদ বলেন, ট্রাকটি যখন সেতুর মাঝামাঝি পৌঁছায়, তখনই বিকট শব্দে সেটি ধসে পড়ে। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি বাইসাইকেল ছিটকে খালের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
নবীণবাগ এলাকার বাসিন্দা আহম্মেদ আজিম খান বলেন, “দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে জেলা শহরে যাতায়াত করেন। বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।”
আরেক বাসিন্দা নাজমুল হাসান বলেন, “এখানে দুটি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। সম্প্রতি সড়ক বিভাগ একটি অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণ শুরু করে। অন্যটি দিয়ে যান চলাচল চলছিল। সেটিই আজ ভেঙে পড়েছে।”
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, “ভেঙে যাওয়া সেতু অপসারণের কাজ শুরু হয়েছে। দ্রুত সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে। আশা করছি, ৩-৪ দিনের মধ্যে যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।”